যোগফল প্রতিবেদক:
নতুন কেনা গাড়ি চুরি ঠেকাতে অভিনব কৌশল নিয়েছেন ভারতের বিহারের গোপালগঞ্জের এক বাসিন্দা। নিজের মহিন্দ্রা স্করপিও ক্লাসিক গাড়িটি ক্রেন দিয়ে তুলে দোতলা বাড়ির ছাদে রাখার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বড় একটি ক্রেনের সাহায্যে গাড়িটিকে শূন্যে ঝুলিয়ে ধীরে ধীরে বাড়ির ছাদের ওপর নেওয়া হচ্ছে। পরে সতর্কতার সঙ্গে গাড়িটি ছাদে নামিয়ে রাখা হয়।
জানা গেছে, গাড়িটির মালিক মনোজ যাদব ইসরায়েলে চাকরি করেন। বিদেশে যাওয়ার আগে তিনি গাড়িটি একজন চালকের কাছে রেখে যান। সম্প্রতি ওই চালক কাজ ছেড়ে চলে যাওয়ার পর গাড়িটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবারটি।
সম্ভাব্য চুরি ঠেকাতেই শেষ পর্যন্ত গাড়িটি বাড়ির ছাদে তুলে রাখার সিদ্ধান্ত নেয় পরিবার। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম