যোগফল প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি ও পিটিশন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সংবিধানের ৭৬ অনুচ্ছেদ ও জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন করা হয়।
এদিন সংসদ-নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।
কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে।
অন্যদিকে, নাগরিকদের পিটিশন পর্যালোচনা ও সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য ১০ সদস্যের পিটিশন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতিও হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন।
এ ছাড়া একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারের প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন করা হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম