যোগফল প্রতিবেদক:
কুমিল্লার বরুড়ায় বাড়ির পাশের পানিতে ডুবে জুনাইরা ও তাসলিমা নামে ১৮ মাস বয়সী যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলছিল যমজ দুই বোন। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পানিতে ভাসমান অবস্থায় শিশু দুটিকে দেখতে পান স্বজনরা। দ্রুত তাদের উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাটি নিয়ে এখনো পুলিশকে আনুষ্ঠানিকভাবে কেউ অবগত করেনি। তবে পুলিশ বিষয়টি সম্পর্কে তথ্য সংগ্রহ করে খতিয়ে দেখছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম