‘ যোগফল প্রতিবেদক:
মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউন নবীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহানূর ইসলাম, সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু ও বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী।
উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং একটি টেকসই ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম