যোগফল প্রতিবেদক:
বাংলাদেশের পুরুষ ও নারী জাতীয় ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি উন্মোচন করা হয়।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেন, জাতীয় দলের জার্সি শুধু পোশাক নয়, এটি দেশের আরেকটি পতাকার মতো। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি সমর্থকদের লাল-সবুজ জার্সি পরে গ্যালারিতে উপস্থিত হওয়ায় দেশের প্রতি মানুষের আগ্রহ ও পরিচিতি বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
তাবিথ আউয়াল বলেন, পুরুষ ও নারী জাতীয় দলের জন্য এটি দ্বিতীয়বারের মতো জার্সি উন্মোচন। অন্যান্য অনেক দেশ প্রতি মৌসুমে জার্সির নকশা পরিবর্তন করলেও বাংলাদেশে দুই বছর পরপর নতুন ডিজাইন আনার পরিকল্পনা করা হয়েছে। এতে সমর্থকেরা দীর্ঘ সময় একই ডিজাইনের জার্সি পরে দলকে সমর্থন করার সুযোগ পাবেন।
তিনি জানান, বাংলাদেশের জার্সি এখন দেশের বাইরেও পাওয়া যাচ্ছে। সিঙ্গাপুর ও দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক দোকানের পাশাপাশি ফিফা মিউজিয়ামেও বাংলাদেশের জার্সি প্রদর্শন ও বিক্রি হচ্ছে। দেশের ভেতরেও আরও বেশি রিটেইল আউটলেটে জার্সি সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাফুফে সভাপতি আরও বলেন, ফুটবলকে ঘিরে দেশের ক্রীড়া অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় দলের ভ্রমণে ব্যবহৃত ক্যারি-অন ব্যাগ, স্যুটকেস ও ব্যাকপ্যাকের মতো সামগ্রী তৈরিতে স্থানীয় উৎপাদনকারীদের উৎসাহিত করা হচ্ছে।
তাবিথ আউয়ালের মতে, ফুটবলের পাশাপাশি স্থানীয় উৎপাদন ও ব্যবসার সঙ্গে ক্রীড়া অর্থনীতিকে যুক্ত করার মাধ্যমে দেশের স্পোর্টস ইকোনমিকে আরও শক্তিশালী করা সম্ভব।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম