যোগফল প্রতিবেদক:
শ্রীলঙ্কার কাছে হারের পর এবার জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপে স্লো ওভার রেটের কারণে নিগার সুলতানা জ্যোতির দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ‘বি’ গ্রুপের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ এক ওভার কম বোলিং করেছে।
অতিরিক্ত সময়ের হিসাব বিবেচনায় নেওয়ার পরও নির্ধারিত ন্যূনতম ওভার রেট পূরণ করতে পারেনি বাংলাদেশ। এ কারণে এমিরেটস ইন্টারন্যাশনাল প্যানেল অব ম্যাচ রেফারিজের সদস্য জি এস লক্ষ্মী বাংলাদেশকে এক ওভার কম করার জন্য দায়ী করেন এবং শাস্তির সুপারিশ করেন।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে ন্যূনতম ওভার রেট পূরণে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সেই নিয়মেই বাংলাদেশের খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অভিযোগ ও শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এদিকে জরিমানার চেয়ে বাংলাদেশের জন্য এখন বেশি গুরুত্বপূর্ণ এশিয়া কাপের পরের ম্যাচ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার রাতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প নেই জ্যোতিদের সামনে।
‘বি’ গ্রুপ থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। ফলে সেমিফাইনালে উঠতে হলে শেষ ম্যাচে জিতে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখতে হবে বাংলাদেশকে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম