যোগফল প্রতিবেদক:
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার ভাইয়ের শিশুসন্তানের ওপর হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নেওয়া শিল্পী ও সংস্কৃতিকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সাদিক কায়েম এসব কথা বলেন।
স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, ইতালির ভেনিসে আজমেরী হক বাঁধন ও তার ভাইয়ের শিশুসন্তানের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
বাঁধনের অভিনীত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ প্রসঙ্গ টেনে সাদিক কায়েম বলেন, জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার পক্ষে অবস্থান নেওয়া মানুষের মনোবল এ ধরনের বিচ্ছিন্ন হামলা করে নষ্ট করা যাবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে ‘রিকনসিলিয়েশন’ বা সমঝোতার বিষয়ে যারা কথা বলেন, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে। তার দাবি, গণহত্যার সঙ্গে জড়িতদের সঙ্গে সমঝোতার সব পথ বন্ধ হয়ে গেছে।
সাদিক কায়েম জুলাই আন্দোলনের সময় রাজপথে থাকা কিংবা মৌন সমর্থন দেওয়া শিল্পী ও সংস্কৃতিকর্মীদের নিরাপত্তার বিষয়ে নজর দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম