যোগফল প্রতিবেদক:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আধুনিক বাংলাদেশের কারিগর হিসেবে উল্লেখ করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জিয়া স্মৃতি বই মেলা-২০২৬’-এর ষষ্ঠ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, জিয়াউর রহমান তার নেতৃত্বের মাধ্যমে নতুন ও আধুনিক বাংলাদেশের চিন্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। তার নেতৃত্বেই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যুদ্ধ পরিচালিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন এবং অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। তিনি মুক্তিযুদ্ধের নেতা ও মুক্তিযোদ্ধাদের নেতা ছিলেন।
বিএনপির বর্তমান অবস্থানের পেছনে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কথা উল্লেখ করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দলের আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠার মাধ্যমে তার উদারতা ও দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তার প্রমাণ দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
দেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে দুর্নীতি ও দুঃশাসনের কারণে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে জিয়াউর রহমানের নেতৃত্বে মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে।
রাজনীতিতে শিষ্টাচার বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, তিনি ছাত্রদলের রাজনীতি করার সময় এবং বর্তমানে বিএনপির নেতৃত্বে থেকেও প্রতিপক্ষের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের সংস্কৃতি দেখেননি। তবে ৫ আগস্টের পর জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিরোধী রাজনৈতিক শক্তির সমালোচনা করে এ্যানি বলেন, অতীতে বিভিন্ন সময়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে স্বৈরাচার ও ফ্যাসিবাদের যোগসূত্র ছিল। তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময় আন্দোলন-হরতাল-অবরোধের মাধ্যমে তারা দেশের মানুষকে ভোগান্তিতে ফেলেছে।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সুকোমল বড়ুয়া।
জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আ ন ম সাইফুল ইসলামের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। এতে ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জহিরুল ইসলাম বুলবুলসহ আরও অনেকে বক্তব্য দেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম