যোগফল প্রতিবেদক:
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৬-২৭ মৌসুমের লড়াই শুরু হচ্ছে আজ। ইউরোপসেরার মুকুট জয়ের লক্ষ্যে এবার মাঠে নামবে মহাদেশের শীর্ষ ক্লাবগুলো।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ক্লাব ব্রুজ ও অ্যাস্টন ভিলার ম্যাচ দিয়ে শুরু হবে নতুন মৌসুমের লড়াই। প্রথম দিনেই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটিসহ ইউরোপের বেশ কয়েকটি শক্তিশালী দল। দ্বিতীয় দিনে দেখা যাবে বার্সেলোনা, লিভারপুল, আর্সেনাল ও বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মতো দলকে।
বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে ক্লাব ব্রুজের বিপক্ষে মাঠে নামবে অ্যাস্টন ভিলা। একই সময়ে এইকে এথেন্স খেলবে লাস্কের বিপক্ষে।
এরপর রাত ১টায় শুরু হবে আরও চার ম্যাচ। এএফসি পোর্তোর মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। একই সময়ে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। অন্য দুই ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ ভিয়ারিয়াল এবং লিলের প্রতিপক্ষ রিয়াল বেতিস।
দ্বিতীয় দিনেও থাকছে বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে নিজেদের মাঠে ফেইনুর্দের বিপক্ষে খেলবে বার্সেলোনা।
রাত ১টায় লিভারপুল মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদের। একই সময়ে নাপোলির বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল এবং স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
নতুন নিয়মে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের পরিবর্তে লিগ পর্বে অংশ নিচ্ছে ৩৬টি দল। প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ।
লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোতে। ৯ থেকে ২৪ নম্বরে থাকা ১৬টি দল খেলবে নকআউট প্লে-অফ। সেখান থেকে জয়ী আট দল শেষ ষোলোর বাকি জায়গাগুলো পূরণ করবে।
এর ফলে শুরু থেকেই প্রতিটি ম্যাচের গুরুত্ব বাড়বে। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর লড়াইয়ে এবারও ফুটবলপ্রেমীদের জন্য থাকছে টানটান উত্তেজনা ও বড় ম্যাচের হাতছানি।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম