যোগফল প্রতিবেদক:
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের ঘটনায় ব্যবস্থা নিতে দেশটির পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে বাঁধনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
হুমায়ুন কবির বলেন, তিনি ইতালিতে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতালির পুলিশকে জানানো হয়েছে। পাশাপাশি বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতা করার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় তাকে আশ্বস্ত করে বলা হয়েছে, এ ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একজন জুলাইযোদ্ধার ওপর হামলা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর হামলার শামিল। তিনি বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম