যোগফল প্রতিবেদক:
মাদ্রাসার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন থেকে সুরক্ষা এবং শিক্ষকদের মানসিক চাপ কমাতে ব্যতিক্রমী ‘মাথা গরম ছুটি’র ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন বগুড়ার মাদ্রাসাতুল মদিনার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ পরামর্শ দেন। সেখানে একটি মাদ্রাসার মুহতামিমের উদাহরণ তুলে ধরে তিনি জানান, ওই প্রতিষ্ঠানে নির্ধারিত ছুটির পাশাপাশি শিক্ষকদের জন্য ‘মাথা গরম ছুটি’ রাখার কথা বলা হয়েছে। কোনো শিক্ষক নিজেকে উত্তেজিত বা খিটখিটে মনে করলে কর্তৃপক্ষকে জানিয়ে ছুটি নিয়ে বাড়ি গিয়ে মানসিকভাবে স্বস্তি নিয়ে ফেরার সুযোগ পাবেন।
পোস্টে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়েও কঠোর অবস্থানের কথা তুলে ধরেন মুফতি মনোয়ার। তিনি জানান, ওই মুহতামিম শিক্ষার্থীর সঙ্গে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত শারীরিক আচরণ না করার বিষয়ে শিক্ষকদের সতর্ক করেছেন।
দেশের সব মাদ্রাসার মুহতামিমদের প্রতি আহ্বান জানিয়ে মুফতি মনোয়ার হোসেন বলেন, শিক্ষকদের জন্য ‘মাথা গরম ছুটি’ রাখা যেতে পারে। প্রয়োজনে তাদের যাতায়াতের খরচও দেওয়ার পরামর্শ দেন তিনি। তার মতে, মানুষের মানসিক চাপ কমানোর বৈধ ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম