যোগফল প্রতিবেদক:
শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিকে ঘিরে প্রতিনিয়তই নতুন নতুন খবর সামনে আসছে। এবার সিনেমাটির সম্ভাব্য তারকা তালিকায় যুক্ত হয়েছে আরও চমকপ্রদ এক খবর।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমার মাধ্যমে দীর্ঘ প্রায় দুই দশক পর বড় পর্দায় আবারও একসঙ্গে দেখা যেতে পারে বলিউড তারকা রানি মুখার্জি ও অভিষেক বচ্চনকে। সিনেমাটিতে তাদের একে অপরের বিপরীতে কাস্ট করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
এর আগে খবর ছড়িয়েছিল, রানি মুখার্জি ‘কিং’-এ শাহরুখ খানের মেয়ে সুহানা খানের মায়ের চরিত্রে ক্যামিওতে অভিনয় করতে পারেন। তবে রানি ও অভিষেকের সম্ভাব্য এই পুনর্মিলনের খবর সিনেমাটির কাস্টকে আরও আকর্ষণীয় করে তুলেছে। যদিও তাদের চরিত্র নিয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে, ‘কিং’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর শাহরুখ খান ও রানি মুখার্জিকেও আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে। এর আগে ২০০৬ সালে করণ জোহর পরিচালিত ‘কাভি আলভিদা না কেহনা’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।
‘কিং’ সিনেমায় শাহরুখ খান, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও সুহানা খান ছাড়াও দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা এবং রাঘব জুয়ালের মতো তারকারা অভিনয় করছেন বলে জানা গেছে।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল আলোচিত সিনেমা ‘কিং’-এর।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম