যোগফল প্রতিবেদক:
শিশুসাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আমীরুল ইসলাম আর নেই। চার দিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বড় ভাই কামাল আহমেদ বাচ্চু। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার আমীরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন ও জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
আমীরুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত রোববার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন আমীরুল ইসলাম। সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
এ ছাড়া তিনি সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার (১৯৮৪), নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২০০৩), পদক্ষেপ সাহিত্য পুরস্কার (২০০৫), ছোটদের পত্রিকা পুরস্কার (২০০৭), ছোটদের মেলা পুরস্কার (২০০৯-১০), জাতীয় ছড়া উৎসব সম্মাননা (২০১১), শামসুর রাহমান সাহিত্য পুরস্কার (২০১১) এবং অন্নদাশঙ্কর সাহিত্য পুরস্কার (২০১২)সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
আমীরুল ইসলামের প্রকাশিত বইয়ের সংখ্যা দুই শতাধিক। শিশুদের জন্য গল্প, ছড়া ও বিভিন্ন ধরনের সৃজনশীল লেখা লিখেছেন তিনি। তার মৃত্যুতে শিশুসাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম