যোগফল প্রতিবেদক:
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাবলোহরাদ শহরের একটি জনবহুল শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬৭ জন, যাদের মধ্যে আটজন শিশু।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানান, দিনের আলোতে রাস্তায় যখন বিপুলসংখ্যক মানুষ চলাচল করছিলেন, তখনই হামলাটি চালানো হয়। হামলায় বেশ কয়েকটি দোকান ও যানবাহন সম্পূর্ণ পুড়ে যায়।
আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা জানিয়েছেন, হামলায় আহত ৬৭ জনের মধ্যে আটজন শিশু রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, শপিং সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে লক্ষ্য করেই রাশিয়া এই ড্রোন হামলা চালিয়েছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এই হামলাকে ‘ব্ল্যাকমেইল বা জোর জবরদস্তির কৌশল’ হিসেবে আখ্যায়িত করেছেন।
চলতি সপ্তাহে ইউক্রেনের আরও কয়েকটি শপিং মলে হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার সুমি শহরের একটি শপিং মলে ড্রোন হামলায় দুজন নিহত ও ২০ জন আহত হন। এর আগে গত সোমবার ঝাপোরিজিয়া শহরের একটি শপিং মল বিমান হামলায় প্রায় ধ্বংস হয়ে যায়।
এ ছাড়া গত মাসে ক্রিভি রিহ শহরের একটি শপিং মলে রুশ ড্রোন হামলায় ১৬ জন নিহত এবং ১৩০ জন আহত হন।
এদিকে রাশিয়াও ইউক্রেনীয় হামলার অভিযোগ করেছে। দেশটির কৃষ্ণসাগর তীরবর্তী রিসোর্ট শহর সোচিতে ইউক্রেনের সামুদ্রিক ড্রোন হামলায় দুই শিশুসহ ২৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া।
এ ছাড়া বেলগোরোদ অঞ্চলের নোভি ওস্কোল শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। পাশাপাশি রুশ-নিয়ন্ত্রিত ঝাপোরিজিয়ায় হামলায় ১৫ বছর বয়সী এক কিশোরী ও এক ট্রাকচালক নিহত হয়েছেন।
সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ চলছে। গত সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতরা মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। তবে নতুন করে শুরু হওয়া শান্তি প্রচেষ্টা এখন পর্যন্ত কোনো বাস্তব ফলাফল আনতে পারেনি।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম