যোগফল প্রতিবেদক:
জীপুর মহানগরের পূবাইলের মাজুখান পশ্চিমপাড়া এলাকায় অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মাজুখান পশ্চিমপাড়া এলাকার মামা-ভাগনে ব্যাটারি হাউসে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ময়মনসিংহের গফরগাঁও থানার ঘাগড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে সুজন মিয়া এবং গাজীপুরের টঙ্গীর সিলমুন এলাকার মো. ওয়াজ উদ্দিনের ছেলে মোহাম্মদ সোহাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, সুজন মিয়া মাজুখান এলাকায় মতিন মিয়ার বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চার্জ দেওয়ার গ্যারেজ পরিচালনা করতেন। অপরদিকে সোহাগ অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, অটোরিকশা চালক সোহাগ অটোরিকশা চার্জ দিতে সুজন মিয়ার মালিকানাধীন মামা-ভাগনে ব্যাটারি হাউসে যান। অটোরিকশাটি চার্জে লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎ পরিবাহী একটি তার ছিটকে সোহাগের পায়ে লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন।
বিষয়টি দেখতে পেয়ে সোহাগকে ছাড়াতে এগিয়ে যান সুজন মিয়া। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে দুজনকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্ল্যাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম