যোগফল প্রতিবেদক:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ূরখিল (ধর্মঘর) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ওষুধের গোডাউনসহ পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে আতুসে মারমার ওষুধের গোডাউন ও দোকান, রেম্রাচাই মারমার সার ও কীটনাশকের দোকান এবং সাথোয়াই মারমা ও অংগ্য মারমার দুটি চায়ের দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকান সেডের এক পাশে থাকা চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম