মেহেদী হাসান রিপন | যশোর প্রতিবেদক
নিয়মিত পৌরকর ও ভ্যাট পরিশোধ করেন, নির্বাচনে ভোটও দেন। কিন্তু নাগরিক হিসেবে প্রাপ্য মৌলিক সেবা মিলছে না—এমন অভিযোগ উঠেছে যশোর শহরের ১ নম্বর ওয়ার্ডের সিটি কলেজপাড়ার বাসিন্দাদের।
দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি হিসেবে শুক্রবার সকালে এলাকার বিভিন্ন মোড়ে ক্ষোভ ও দাবি সংবলিত ব্যানার টানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ব্যানারে লেখা হয়েছে— “আমি ভাঙাচোরা রাস্তা, লাইট, ড্রেন ও ডাস্টবিনবিহীন ১ নম্বর ওয়ার্ডের সিটি কলেজপাড়াবাসী বলছি...”।
পাশাপাশি প্রশ্ন তোলা হয়েছে, “আমরা পৌরকর, ভ্যাট সবই পরিশোধ করি। তাহলে আমরা কেন পৌরসেবা থেকে বঞ্চিত? আমরা ভোটও প্রদান করি, তাহলে কেন আমরা অবহেলিত?”
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সিটি কলেজপাড়ার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। অনেক জায়গায় রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে খানাখন্দ। কোথাও আবার উঁচু-নিচু ইটের সলিংয়ের কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।
শুধু সড়ক নয়, সড়কবাতি ও বর্জ্য ব্যবস্থাপনাতেও রয়েছে নানা সমস্যা। বাসিন্দাদের দাবি, পর্যাপ্ত সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর পুরো এলাকায় অন্ধকার নেমে আসে। এতে সাধারণ মানুষের চলাচলে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে।
অন্যদিকে, নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় বিভিন্ন স্থানে খোলা জায়গায় আবর্জনা ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধ ও জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
বাসিন্দারা জানান, এসব সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিনের দুর্ভোগে ক্ষুব্ধ হয়ে তারা এবার ব্যানার টানিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তা সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, পর্যাপ্ত সড়কবাতি এবং নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপনের মাধ্যমে নাগরিক দুর্ভোগ নিরসন করতে হবে।
তাদের অভিযোগ, নিয়মিত কর পরিশোধ ও ভোট দেওয়ার পরও যদি মৌলিক নাগরিক সেবা না মেলে, তাহলে প্রশ্ন থেকেই যায়—নাগরিকদের দায়বদ্ধতা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়বদ্ধতা কোথায়?
দ্রুত এসব সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিটি কলেজপাড়ার বাসিন্দারা।
যোগফল অনলাইন ডেস্ক