ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত নতুন সিরিজ ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্নধর্মী চরিত্রে হাজির হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। নিখিল আদবানি পরিচালিত সিরিজটি শুক্রবার (১১ সেপ্টেম্বর) অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে।
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের সশস্ত্র প্রতিরোধ, তাদের আদর্শ, সাহস ও আত্মত্যাগের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিরিজটি। মুক্তির দিন সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের বেশ কিছু ছবি প্রকাশ করেন পাওলি দাম। ছবিগুলোতে সিরিজটির সেটের বিভিন্ন মুহূর্ত এবং অভিনেত্রীর নতুন লুক দেখা গেছে।
‘দ্য রেভলিউশনারিজ’-এর অন্যতম আকর্ষণ এর তারকাবহুল ও ব্যতিক্রমী কাস্টিং। সিরিজে রাসবিহারী বসুর চরিত্রে অভিনয় করেছেন ভুবন বাম। শচীন্দ্রনাথ সান্যালের ভূমিকায় রয়েছেন রোহিত সরফ। প্রতিভা লাহিড়ীর চরিত্রে দেখা গেছে প্রতিভা রান্তাকে। আর বিপ্লবী বাঘা যতীনের চরিত্রে অভিনয় করেছেন গুরফতেহ পিরজাদা।
এই চার বিপ্লবীকে ঘিরেই এগিয়েছে সিরিজটির মূল গল্প। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম, টোটা রায়চৌধুরী, কাশিশ সালুজাসহ আরও অনেকে। জেসন শাহকে দেখা গেছে জেনারেল ডায়ারের চরিত্রে।
ঐতিহাসিক সময়ের আবহে পাওলি দামের নতুন লুক ও চরিত্র দর্শকদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি করেছে। সিরিজে তার অভিনয় কতটা দর্শকপ্রিয়তা পায়, সেটিই এখন দেখার বিষয়।