যোগফল প্রতিবেদক:
তরুণরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তরুণদের শক্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের বিশাল তরুণ সমাজ যদি পরিবর্তনের জন্য এগিয়ে আসে, তাহলে দেশ বদলে দেওয়া সম্ভব। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা পরিবর্তন এনেছিল উল্লেখ করে তিনি বলেন, একইভাবে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেও তরুণদের এগিয়ে আসতে হবে।
ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। শতভাগ নিয়ন্ত্রণ সম্ভব না হলেও ৮০ শতাংশ পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি সবাইকে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজেদের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। পাশাপাশি রাস্তাঘাটে যত্রতত্র ময়লা না ফেলার জন্যও নাগরিকদের প্রতি অনুরোধ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে সুন্দর ও সুস্থ রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজের সুস্থতার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের সুস্থতার দায়িত্বও প্রত্যেক নাগরিককে নিতে হবে।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ চলবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম