যোগফল প্রতিবেদক:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগরে আখক্ষেত থেকে তমেজুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বীরনগরের একটি আখক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পাঁচবিবি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত তমেজুল ইসলাম উপজেলার আটুল গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনাজপুরের বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট এলাকায় শ্বশুরবাড়িতে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যান তিনি। জানাজা শেষে স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন তমেজুল।
এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে রাত আনুমানিক ৯টার দিকে মোটরসাইকেলে করে পাঁচবিবির আটুল গ্রামের উদ্দেশে রওনা দেন তিনি। এরপর রাতে পরিবারের সদস্যদের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি।
পরদিন সকালে বীরনগরের একটি আখক্ষেতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তমেজুলকে হত্যা করে তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যেতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এবং মোটরসাইকেলটি ছিনতাই করা হয়েছে কি না, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম