যোগফল প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, শেখ হাসিনা গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে এনে তাদের স্ত্রী-সন্তানদের সান্ত্বনা দিতেন। কিন্তু তার ভেতরেই গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার মনোভাব ছিল বলে অভিযোগ করেন তিনি। গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তারা কোথায় আছেন, তা শেখ হাসিনা জানতেন বলেও মন্তব্য করেন তিনি।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার এসব আচরণ ও অভিনয়ের বিষয়টি তখন সাধারণ মানুষ বুঝতে পারেনি। তবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুমের ঘটনায় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের পর বিষয়গুলো এখন জনগণের কাছে স্পষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, একজন ব্যারিস্টারকে আট বছর ধরে ‘আয়নাঘরে’ বন্দি করে রাখা হয়েছিল। শেখ হাসিনা দেশ ছাড়ার পর তিনি মুক্ত হয়েছেন এবং বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করেন স্পিকার।
বিগত সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ভোলা-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ৬০ হাজার টাকা এবং একটি পর্দার দাম ৪২ হাজার টাকা দেখানো হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, তৎকালীন এক ভূমি প্রতিমন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ি রয়েছে।
লালমোহনের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে স্পিকার বলেন, বিগত সরকারের স্থানীয় সংসদ সদস্যকে তিনি ‘শীর্ষ সন্ত্রাসী ও খুনি’ হিসেবে উল্লেখ করেন। ২০১০ সালের উপনির্বাচনে ঢাকা থেকে সন্ত্রাসী এনে তার নেতাকর্মীদের বাড়িতে হামলা, কুপিয়ে আহত করা এবং বাড়িঘর ভাঙচুরের অভিযোগও করেন তিনি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম