যোগফল প্রতিবেদক:
ফরিদপুরের মধুখালীতে রাস্তার পাশ থেকে তিনটি কার্টনে রাখা অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে মরদেহের বিচ্ছিন্ন অংশগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বোয়ালিয়া এলাকায় সড়কের পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা। কিছুক্ষণ পর কার্টনগুলো থেকে দুর্গন্ধ বের হলে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা বিষয়টি মধুখালী থানা পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনগুলো জব্দ করে। পরে সেগুলো খুলে এক ব্যক্তির দেহের ছয়টি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে কার্টনের ভেতর থেকে ছয় টুকরো করা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছে।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম