যোগফল প্রতিবেদক:
বাগেরহাটের মোংলায় এক মুদি ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে ১৫ হাজার ৬০০ লিটার অবৈধভাবে মজুত করা অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের প্রধান বাজারের ‘মেসার্স শোভা স্টোর’-এর মালিক সবুর তালুকদারের গুদামে অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড জানায়, অভিযানে গুদামে থাকা ৭৮টি ব্যারেল থেকে মোট ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সমুদ্রগামী জাহাজ ও বিভিন্ন চোরাই সিন্ডিকেটের কাছ থেকে তেল সংগ্রহ করে তা স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছিল।
অভিযোগ আরও রয়েছে, অপরিশোধিত তেলের সঙ্গে ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল উপাদান মিশিয়ে বোতলজাত তেল হিসেবে বাজারজাত করা হতো।
অভিযানে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী উপস্থিত ছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় পুলিশ সদস্য ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারাও সহযোগিতা করেন।
ইউএনও শারমিন আক্তার সুমী জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড অভিযানটি পরিচালনা করে। জব্দ করা তেল মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও চোরাচালানবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সময়ে জব্দ করা তেল নিলাম বা ধ্বংস করার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম