যোগফল প্রতিবেদক:
জয়পুরহাট সদর উপজেলায় র্যাবের অভিযানের সময় অস্ত্র ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল থেকে একটি অবৈধ ওয়ান শুটারগান, ম্যাগাজিন, এয়ারগান ও রামদা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সাইদ আনোয়ার রাহি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, শনিবার জয়পুরহাট সদর উপজেলার ঘোষণাপাড়া গ্রামের ফিরতি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থলে অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও একটি রামদা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম