যোগফল প্রতিবেদক:
জামালপুরের ইসলামপুরে বেগুনক্ষেতে সার দেওয়ার সময় বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন ওই এলাকার সুরুজ আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি পল্লি চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশের বেগুনক্ষেতে সার দিতে যান আনোয়ার হোসেন। এ সময় হঠাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আনোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
চরপুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকলে পরিবারের কাছে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম