যোগফল প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। তাদের নেতৃত্ব দিয়েছেন জামায়াতের স্থানীয় এক নেতা হাসান মাহমুদ রাসেল।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলেকজান্ডার পৌর এলাকার দিদার প্রফেসরের বাড়ির উঠানে আয়োজিত মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
হাসান মাহমুদ রাসেল রামগতি পৌরসভা জামায়াতের একটি ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিএনপিতে যোগ দেওয়ার পর তিনি বলেন, বাকি জীবন বিএনপির সঙ্গে থেকে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করতে চান।
এ বিষয়ে জামায়াতে ইসলামী রামগতি উপজেলা আমির মাওলানা আব্দুর রহিমের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতারা নতুন যোগদানকারীদের স্বাগত জানান। পাশাপাশি দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপি নেতা ও মেয়র প্রার্থী শাহেদ আলী পটুসহ রামগতি পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম