যোগফল প্রতিবেদক:
পটুয়াখালীর কলাপাড়ায় বাসচাপায় মাহিন নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন কুয়াকাটা মুসুল্লিয়াবাদ এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে। সে দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নার্সারি বিভাগের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, দুই দিন আগে হাজিপুরে নানা অহিদ শিকদারের বাড়িতে বেড়াতে যায় মাহিন। সোমবার নানা-নানির সঙ্গে বরিশাল যাওয়ার জন্য সড়কে বাস থামানোর সময় মাহিনও সেখানে ছিল। বাসটি থামাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে বাসের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মাহিন।
দুর্ঘটনায় জড়িত বিআরটিসি বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম