যোগফল প্রতিবেদক:
ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) চেম্বার আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এ আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ড. ইউনূসের আইনজীবী খাজা তানভীর আহমেদ। তিনি জানান, আবেদনটির ওপর সোমবারই শুনানি হতে পারে।
এর আগে ১০ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন। আদালত জানান, আগামী তিন অর্থবছরের মধ্যে প্রতিষ্ঠানটিকে ওই অর্থ পরিশোধ করতে হবে।
২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষের কর দাবি নিয়ে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট করে। প্রাথমিক শুনানি শেষে এসব রিটের ওপর রুল জারি করেছিলেন আদালত। পরে গত বৃহস্পতিবার নতুন বেঞ্চ রুল খারিজ করে দেন। ফলে এনবিআরের দাবি করা কর আদায়ের পথ খুলে যায়।
এর আগে মামলাটি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চের দেওয়া রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করা হয়েছিল। পরে প্রধান বিচারপতির নির্দেশে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম