যোগফল প্রতিবেদক:
হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।
সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, সৌদি আরবের অনুরোধে ওমানে অনুষ্ঠেয় বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে।
ইয়েমেনের অভ্যন্তরীণ পরিস্থিতিতে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে বাঘাই বলেন, কোনো দায়িত্বশীল দেশ বাইরের শক্তির চাপ বা নির্দেশ মেনে চলবে না।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি গোষ্ঠী নৌ অবরোধ জোরদার করায় অঞ্চলটির পরিস্থিতি আরও জটিল হয়েছে।
এর মধ্যেই ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হরমুজ প্রণালির আকাশে একটি উন্নত এমকিউ-ওয়ান ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এ ছাড়া একটি ইরানি বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলায় হতাহতের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে তেহরান।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম