যোগফল প্রতিবেদক:
পাবনা সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রাজিব বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে রাজিব বিশ্বাস পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি লাল রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ১০০টি পাতায় থাকা ১০টি করে মোট ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব বিশ্বাস পাবনার বিভিন্ন এলাকা থেকে ট্যাবলেটগুলো সংগ্রহ করে মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম