নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশে সমন্বিত, টেকসই ও আধুনিক ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার ভিয়েনায় IAEA-এর Programme of Action for Cancer Therapy (PACT)-এর পরিচালক লিসা স্টিভেন্সের (Lisa Stevens) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশে ক্যান্সার নিয়ন্ত্রণ ও চিকিৎসাব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং IAEA-এর ‘Rays of Hope’ উদ্যোগের মাধ্যমে দেশের জনগণের জন্য দীর্ঘস্থায়ী সুফল নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব বলেন, আগামী নভেম্বর ২০২৬-এ অনুষ্ঠেয় IAEA–WHO–IMPACT Review Mission বাংলাদেশের জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ সক্ষমতার প্রমাণভিত্তিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একই সঙ্গে এ মিশনের মাধ্যমে ক্যান্সার চিকিৎসাব্যবস্থার সামগ্রিক ক্ষেত্রে বাস্তবভিত্তিক অগ্রাধিকার নির্ধারণ করা সম্ভব হবে।
তিনি বলেন, বাংলাদেশ এ মিশনের দিকে আগ্রহের সঙ্গে তাকিয়ে আছে এবং মিশনটি সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি ও সহযোগিতা অব্যাহত থাকবে।
মোঃ আনোয়ার হোসেন আরও বলেন, IAEA ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে ‘Rays of Hope’ উদ্যোগের প্রতিশ্রুতিকে বাংলাদেশের জনগণের জন্য বাস্তব ও দীর্ঘস্থায়ী সুফলে রূপান্তর করতে বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ।
বৈঠকে ক্যান্সার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, আধুনিক প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশের ক্যান্সার চিকিৎসাব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ সময় ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তৌফিক হাসান উপস্থিত ছিলেন।
যোগফল অনলাইন নিউজ ডেস্ক