রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত মালিবাগ, মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার ও রামপুরাসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এর মধ্যে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের ঘটনায় ইবাদুর রহমান নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যান্য কয়েকটি বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, সন্ধ্যার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি ককটেল নিক্ষেপ করা হয়। একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার ও রামপুরা এলাকাতেও বিস্ফোরণের খবর আসে।
এদিকে রাত সোয়া ১০টার দিকে কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
যোগফল অনলাইন