যোগফল প্রতিবেদন :
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় উদ্বোধনী সমাবেশের পর সকাল ৮টার দিকে লংমার্চের যাত্রা শুরু হয়।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন—এসব দাবিতে এ কর্মসূচি পালন করছে জোটটি।
উদ্বোধনী সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
লংমার্চের বহর ঢাকা থেকে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুরে যাওয়ার কথা রয়েছে। এসব এলাকায় পথসভা এবং রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করেছিল ১১ দলীয় ঐক্য। রংপুরের কর্মসূচির পর খুলনা ও সিলেট অভিমুখেও লংমার্চের পরিকল্পনা রয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
যোগফল ডেস্ক