আবু মুসা । টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ থানার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল নাফ নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা নদীতে একটি বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে বস্তাটি তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। কোস্ট গার্ডের হিসাবে জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।
তিনি জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে সীমান্ত ও উপকূলীয় এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনলাইন ডেস্ক