যোগফল প্রতিবেদক:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনের দায়ে ১০ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের সামারি ট্রায়ালের মাধ্যমে আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় হাতেনাতে মাদকসেবনরত অবস্থায় ১০ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হলে বিচারক প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের সদর এলাকার রেজাউল (২২) ও শিপন (২৪), পূর্বপাড়া এলাকার মেহেদী হাসান রানা (২৫), শশীদল ইউনিয়নের গঙ্গানগর এলাকার সাব্বির হাসান (২৪), আব্দুল করিম (২৫), শাকিল (২২) ও সাগর (২৪), মাধবপুর ইউনিয়নের দধিখলা এলাকার লিটন (৩৩) এবং পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার জগতপুর এলাকার সাইফুল (১৮) ও শাকিব (৩৩)।
অভিযানে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য, রূপম কুমার সরকার, মো. শামীম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে থানা-পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত পরিবেশ গঠনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম