যোগফল প্রতিবেদক:
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। এ কারণে দেশের বিভিন্ন স্থানে চলাফেরার সময় নিজেকে নিরাপদ মনে করেন না তিনি। এমনকি সোনার গহনা পরেও চলাফেরা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না এই অভিনেত্রী।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এমন অভিজ্ঞতার কথা জানান তানজিন তিশা।
তিশা বলেন, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’
নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’
তানজিন তিশা দীর্ঘদিন ধরে ছোটপর্দায় অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। এবার বড়পর্দায়ও অভিষেক হতে যাচ্ছে তার। শাকিব খানের বিপরীতে অভিনীত ‘সোলজার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম