যোগফল প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের বাস্তব ব্যবসায়িক পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের অভিজ্ঞতা দিতে ‘সিমল্যাব’ (SimLab) নামে একটি ডিজিটাল বিজনেস সিমুলেশন প্ল্যাটফর্ম চালু করেছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা।
উদ্যোক্তা মো. মাসুদ রানা বলেন, ব্যবস্থাপনা শিক্ষাকে শুধু পাঠ্যবই, শ্রেণিকক্ষের লেকচার ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের বাস্তবধর্মী সিদ্ধান্ত গ্রহণের সুযোগ করে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। উন্নত বিশ্বের বিভিন্ন বিজনেস স্কুলে ব্যবহৃত ব্যবসায়িক পরিস্থিতি অনুকরণের ধারণাকে ঢাবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের উপযোগী করে ‘সিমল্যাব’ তৈরি করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীরা যেন শ্রেণিকক্ষে শেখা তত্ত্ব বাস্তব পরিস্থিতিতে প্রয়োগ করতে পারে এবং সেই অভিজ্ঞতার মাধ্যমে ভবিষ্যতে দক্ষ ব্যবস্থাপক হিসেবে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই সিমল্যাবের যাত্রা শুরু।
সিমল্যাবে শিক্ষার্থীকে শুধু কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না; বরং একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হবে। পণ্যের দাম নির্ধারণ, উৎপাদনের পরিমাণ, বিনিয়োগ, বাজার প্রতিযোগিতা, কর্মী ও সম্পদ ব্যবস্থাপনা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে করণীয়—এ ধরনের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তাকে।
সিদ্ধান্তের ফলাফলও শিক্ষার্থীকে দেখতে হবে। কোনো সিদ্ধান্ত ব্যবসায়ের আয় বাড়াতে পারে, আবার একই সিদ্ধান্ত ব্যয় বা ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ফলে বাস্তব ব্যবসায়ের মতোই শিক্ষার্থীদের সামনে বিভিন্ন সুযোগ, সমস্যা ও সিদ্ধান্ত গ্রহণের পরিস্থিতি তৈরি হবে।
সিমল্যাবকে একটি নির্দিষ্ট সিমুলেশনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন ব্যবস্থাপনা বিষয়ের জন্য সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে এতে ব্যবস্থাপনা, বিপণন, অর্থায়ন, মানবসম্পদ, পরিচালন ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা ও কৌশলগত ব্যবস্থাপনা নিয়ে একাধিক সিমুলেশন অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিক্ষার্থীরা সিমল্যাবে এককভাবে অথবা দলগতভাবে অংশ নিতে পারবে। দলগতভাবে কয়েকজন শিক্ষার্থী একটি কোম্পানি বা টিম পরিচালনার পাশাপাশি বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারবে।
এর মাধ্যমে শ্রেণিকক্ষের আলোচনার পাশাপাশি দলগত সিদ্ধান্ত গ্রহণ, নেতৃত্ব ও সমস্যা সমাধানের অভিজ্ঞতাও অর্জন করা সম্ভব হবে।
সিমল্যাবের ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম অংশ হলো বাংলাদেশের ব্যবসায়িক বাস্তবতাকে সিমুলেশনের সঙ্গে আরও বেশি যুক্ত করা। স্থানীয় বাজার, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ, সরবরাহ ব্যবস্থা, অর্থনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন ঝুঁকি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে আরও সিমুলেশন যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
উদ্যোক্তা জানান, প্ল্যাটফর্মটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে। ভবিষ্যতে সিমুলেশনের সংখ্যা, বিষয়বস্তু ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সিমল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু ‘ব্যবস্থাপনা কী’ তা শেখার পাশাপাশি বাস্তব পরিস্থিতিতে একজন ব্যবস্থাপক হিসেবে কীভাবে সিদ্ধান্ত নিতে হয়, সেটিও অনুশীলনের সুযোগ পাবে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম