যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে মৌসুমের প্রথম শক্তিশালী সামুদ্রিক ঝড় ‘নরইস্টার’। ঝড়ের প্রভাবে নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি ব্যাহত হয়েছে বিমান চলাচল।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিউইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও পেনসিলভানিয়ায় ৬০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজডটকম এ তথ্য জানিয়েছে।
ঝড়ের কারণে নিউইয়র্কের ব্রুকলিনে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঝোড়ো বাতাসে একটি গাছ উপড়ে তার ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে লং আইল্যান্ডে প্রায় ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এতে বন্যা ও অন্যান্য দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কা রয়েছে।
গভর্নর ক্যাথি হোকুল সতর্ক করে বলেছেন, কিছু এলাকায় প্রায় ২০ ফুট বা ৬ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছেন, ঝোড়ো বাতাসে বিদ্যুতের তার ছিঁড়ে পড়তে পারে। তাই জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন তিনি।
ঝড়-বৃষ্টির কারণে শনিবার সকালে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। শুধু বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরেই ২৫৩টি ফ্লাইট বাতিল হয়েছে। পুরো অঞ্চলেই বিমান চলাচলে ব্যাপক বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার।
জেটব্লু, ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসসহ বড় কয়েকটি বিমান সংস্থা যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। তবে যাত্রীরা অতিরিক্ত ফি ছাড়াই ফ্লাইট পরিবর্তনের সুযোগ পাচ্ছেন।
তুলি আক্তার/অনলাইন ডেস্ক/ যোগফল. কম