নিজস্ব প্রতিবেদক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে\B \Bঅবস্থান কর্মসূচি শুরু করেছেন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দুই শতাধিক প্রার্থী অংশ নিয়েছেন। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান চালিয়ে যাবেন।
রোববার বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ থানার সামনে অবস্থান নেন। এর আগে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন চাকরিপ্রার্থীরা। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যান এবং দ্রুত নিয়োগপত্র প্রদানের দাবিতে অবস্থান নেন।আন্দোলনে অংশ নেওয়া আল মামুন বলেন, ‘বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা অধিকারবঞ্চিত হয়েছি। অনেক কষ্ট ও সংগ্রাম করে আমরা এতদূর এসেছি। সরকারের কাছে অনুরোধ, আমাদের বিষয়টি পুনর্বিবেচনা করা হোক।’
রাজশাহীর বাগমারা থেকে আসা প্রার্থী মোসা. খাদিজা বানু ১৫ মাস বয়সী সন্তানসহ এসেছেন। তিনি বলেন, আমার ১৫ মাস বয়সী সন্তান রয়েছে। তবুও দাবি আদায়ের আশায় এসেছি। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে আমাদের। রাতে কোথায় থাকব জানি না। রাজপথে থাকার প্রস্তুতি নিয়েই এসেছি।
আন্দোলনকারীদের দাবি, ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের বিষয়টি মানবিক ও ন্যায়সংগতভাবে পুনর্বিবেচনা করে তাদের নিয়োগের সুযোগ দেওয়া হোক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।
গত ২৪ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া শুরু হয়। তবে বিভিন্ন জেলায় শত শত প্রার্থী নিয়োগপত্র পাননি। এতে তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫–এর ভেরিফিকেশনে বাদ পড়েছেন ২ হাজার ৩৮৫ প্রার্থী।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম