মোঃ হাসান মাহমুদ জয় । কুড়িগ্রাম প্রতিবেদক:
সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বিশিষ্টজনদের নিয়ে কুড়িগ্রামে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর কুড়িগ্রাম মডেল মসজিদ হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দারসুল কোরআনের পর আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি দল, যা সর্বদা মানুষের কল্যাণ ও মানবতার মুক্তির জন্য কাজ করে। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, আজ দেশের এই অবস্থার মূল কারণ হলো দুর্নীতি। দেশকে এই সংকট থেকে রক্ষা করতে এবং দুর্নীতি চিরতরে বন্ধ করতে সৎ ও আদর্শভিত্তিক দল হিসেবে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আজিজুর রহমান সরকার বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে হবে। সমাজে শান্তি ও শৃঙ্খলা ফেরাতে দাওয়াতী কাজের পরিধি আরও প্রসারিত করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জুয়েল এবং কুড়িগ্রাম জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে দাওয়াতী অতিথি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশেষ আকর্ষণ ও যোগদান অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় দুজন নবমুসলিম ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে ইসলামের সৌন্দর্য ও জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটির প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন এবং আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এছাড়া প্রধান অতিথি ও জেলা আমিরের উপস্থিতিতে আরও বেশ কয়েকজন নতুন সদস্য ফরম পূরণের মাধ্যমে দলটিতে যোগদান করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।
যোগফল অনলাইন ডেস্ক