নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে যেসব বক্তব্য দিয়েছেন, তা বিতর্কের জন্ম দিয়েছে। তার ঢালাও অভিযোগের কোনো মানে নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (সালমান মুক্তাদির) বলেছেন, তার কাছে কেউ চাঁদা চায়নি। চাইলে নাকি দিতেন। আবার বলছেন বিএনপি চাঁদাবাজ দল। এই ঢালাও অভিযোগের কোনো মানে নেই।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমার দিকেও আঙুল নির্দেশ করা হয়েছে। আমাকে উদ্দেশ্য করে তো বলতেই পারে—গণতন্ত্র, বাকস্বাধীনতা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে ভদ্রলোক ফেসবুক লাইভে এসে অভিযোগ করেছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন?’
তিনি আরও বলেন, ‘এই ঘটনায় তিনি (সালমান মুক্তাদির) আক্রান্ত হয়েছেন, সেটা আমরা দেখেছি। আমরা একটি প্রাথমিক তদন্ত করেছি, তবে সেটি খুবই সংক্ষিপ্ত। বিষয়টি আরও বিস্তারিতভাবে তদন্ত করতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে শিগগিরই মামলা হতে পারে।
এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে ও রোববার সকালে তাদের আটক করা হয়। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত স্টুডিওতে হামলা ও ভাঙচুরের পর সালমান মুক্তাদির তার ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার ভিডিও প্রকাশ করেন।
ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুরের চিত্র দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকে কান্নারত অবস্থায় দেখা যায়।
ভিডিওতে স্টুডিওর ক্ষয়ক্ষতি দেখিয়ে সালমান মুক্তাদির বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল… এই পুরো অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়ড হয়ে গেছে।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম