যোগফল প্রতিবেদন:
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’
সালমান মুক্তাদিরের অভিযোগ, চাঁদা না দেওয়ায় শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে তার স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। ঘটনার পর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হামলার একটি ভিডিও প্রকাশ করেন।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ও রোববার সকালে তাদের আটক করা হয়। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, সালমান মুক্তাদিরের স্টুডিও লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেনি এবং সেখানে চাঁদাবাজিরও কোনো ঘটনা ঘটেনি।
শফিকুর রহমান তার পোস্টে লিখেছেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব।’
তিনি আরও প্রশ্ন করেন, ‘কর্তৃত্ববাদীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন?’
শফিকুর রহমান বলেন, ‘একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’