বানিজ্য যোগফল:
বাংলাদেশ থেকে আমদানি করা পাটপণ্যে অ্যান্টিডাম্পিং শুল্কের হার নতুন করে নির্ধারণ করেছে ভারত। উৎপাদনকারী প্রতিষ্ঠানভেদে আলাদা শুল্কহার নির্ধারণ করা হয়েছে। তালিকাভুক্ত নির্দিষ্ট উৎপাদনকারীদের জন্য শুল্ক তুলনামূলক কম রাখা হলেও তালিকার বাইরে থাকা প্রতিষ্ঠানের পাটের সুতা বা টুইনে প্রতি টনে সর্বোচ্চ ৪৪৫ ডলার শুল্ক দিতে হবে।
ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ ২৪ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি করা পাটের সুতা বা টুইন, হেসিয়ান কাপড় এবং জুট স্যাকিং ব্যাগের জন্য নতুন অ্যান্টিডাম্পিং শুল্ক নির্ধারণ করা হয়।
নতুন কাঠামোয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আলাদা শুল্কহার দেওয়া হয়েছে। ফলে একই ধরনের পণ্য রপ্তানি করলেও কোন প্রতিষ্ঠান তা উৎপাদন করেছে, তার ওপর নির্ভর করে ভারতে শুল্কের পরিমাণ ভিন্ন হবে।
নির্ধারিত শুল্কহার পাওয়ার জন্য সংশ্লিষ্ট উৎপাদনকারীর নামে বৈধ বাণিজ্যিক চালান দেখাতে হবে। চালানে পণ্যটি সংশ্লিষ্ট উৎপাদনকারী তৈরি করেছে—এমন ঘোষণা থাকতে হবে। এ ধরনের চালান না থাকলে তালিকার বাইরে থাকা উৎপাদনকারীদের জন্য নির্ধারিত শুল্কহার প্রযোজ্য হবে।
ভারতের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, তালিকাভুক্ত উৎপাদনকারীদের বাইরে অন্য প্রতিষ্ঠানের পাটের সুতা বা টুইনে প্রতি টনে ৪৪৫ ডলার, হেসিয়ান কাপড়ে ৮৮ ডলার এবং স্যাকিং ব্যাগে ২৮৩ ডলার অ্যান্টিডাম্পিং শুল্ক নির্ধারণ করা হয়েছে।
তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও পণ্যভেদে শুল্কহার আলাদা করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের পাটের সুতা ও হেসিয়ান কাপড়ের ক্ষেত্রে শুল্ক শূন্য রাখা হয়েছে।
এএম জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পাটের সুতা বা টুইন এবং হেসিয়ান কাপড়ে শুল্ক শূন্য। আশা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পাটের সুতায় প্রতি টনে ৫৯ ডলার এবং স্যাকিং ব্যাগে ৯৪ ডলার শুল্ক নির্ধারণ করা হয়েছে।
নাটোর জুট মিলসের পাটের সুতায় শুল্ক ১০৭ ডলার হলেও স্যাকিং ব্যাগে শুল্ক শূন্য। সুপার জুট মিলস লিমিটেডের পাটের সুতায় ১৩৯ ডলার এবং স্যাকিং ব্যাগে ১৫৫ ডলার শুল্ক রয়েছে।
হাসান জুট মিলস লিমিটেড ও হাসান জুট অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেডের পাটের সুতায় ৬৯ ডলার এবং স্যাকিং ব্যাগে ১২০ ডলার করে শুল্ক নির্ধারণ করা হয়েছে।
জনতা জুট মিলস লিমিটেডের পাটের সুতায় ৬৯ ডলার ও স্যাকিং ব্যাগে ১২০ ডলার শুল্ক রয়েছে। হেসিয়ান কাপড়ে এ প্রতিষ্ঠানের শুল্ক শূন্য।
সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পাটের সুতায় ৬৯ ডলার ও স্যাকিং ব্যাগে ১২০ ডলার শুল্ক নির্ধারণ করা হয়েছে। সাগর জুট স্পিনিং মিলস লিমিটেড ও সিডল অ্যান্ড টেক্সটাইলস (বাংলাদেশ) লিমিটেডের ক্ষেত্রেও পাটের সুতায় ৬৯ ডলার এবং স্যাকিং ব্যাগে ১২০ ডলার করে শুল্ক রয়েছে।
হেসিয়ান কাপড়ের ক্ষেত্রে আফিল জুট উইভিং মিলস লিমিটেড ও আলিনা জুট মিলস লিমিটেডের জন্য প্রতি টনে ৮৮ ডলার শুল্ক নির্ধারণ করা হয়েছে। রাজবাড়ী জুট মিলস লিমিটেডের পাটের সুতায় ৬৯ ডলার এবং হেসিয়ান কাপড়ে ৮৮ ডলার শুল্ক রয়েছে।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ট্রেড রেমেডিজ (ডিজিটিআর) ২০২৫ সালের ৩০ জুন বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি করা পাটপণ্যে অ্যান্টিডাম্পিং শুল্কের মধ্যবর্তী পর্যালোচনা শুরু করে। পর্যালোচনা শেষে ২০২৬ সালের ২৫ জুন সংস্থাটি চূড়ান্ত সিদ্ধান্ত দেয় এবং অবশিষ্ট সময়ের জন্য বিভিন্ন পাটপণ্যে শুল্কহার পুনর্নির্ধারণের সুপারিশ করে।
এর ভিত্তিতে ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ ২৪ সেপ্টেম্বর নতুন প্রজ্ঞাপন জারি করে। সংশোধিত কাঠামোটি ২০২২ সালের ডিসেম্বরে আরোপ করা অ্যান্টিডাম্পিং শুল্কের অবশিষ্ট মেয়াদের জন্য কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে আমদানি করা জুট স্যাকিং ব্যাগের জন্য নির্ধারিত অ্যান্টিডাম্পিং শুল্ক জুট স্যাকিং ক্লথের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে ১০টি নির্দিষ্ট বাংলাদেশি উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত স্যাকিং ক্লথ এ শুল্কের বাইরে রাখা হয়েছে।