আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফরের শুরুতে পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত পত্রে সফরের বিস্তারিত কর্মসূচি জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা হবেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পরশুরামে পৌঁছাবেন। এরপর খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় গিয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্পের উদ্বোধন করবেন।
এরপর দুপুর ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টার দিকে কলেজ প্রাঙ্গণে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। পরে সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম নেবেন।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পরশুরাম ও ফুলগাজীতে চলছে ব্যাপক প্রস্তুতি। অনুষ্ঠানস্থল, সড়ক ও আশপাশের এলাকায় সৌন্দর্যবর্ধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ চলছে।
পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে জনসভাস্থল প্রস্তুতের কাজ চলছে। সেখানে মঞ্চ, উদ্বোধনী ফলকসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠেও অস্থায়ী হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে।
জনসভায় অংশ নেওয়া মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। সভাস্থলে পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেট স্থাপনসহ স্যানিটেশন ব্যবস্থার কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
এ ছাড়া অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন এবং সড়ক সংস্কারের কাজ চলছে। ফেনী-পরশুরাম প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে মেরামত ও সংস্কার করছে সড়ক ও জনপথ বিভাগ। পাশাপাশি পরশুরাম-সুবার বাজার সড়কের জনসভাস্থলের আশপাশেও সংস্কারকাজ করা হচ্ছে। ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচিস্থলগুলোতে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরের কথা ছিল। পরে ওই সফর স্থগিত করে ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়।