নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে এমপি আব্দুল গফুরের বাসা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় এমপি আব্দুল গফুরও বাসায় উপস্থিত ছিলেন।
ডিবি পুলিশ জানায়, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় মিজানুর রহমান এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।
রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট থানায় এ ঘটনায় মামলা করা হয়। মামলায় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে মামলার অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।