কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ স্বপন (৪৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দৌলতপুর উপজেলার ধর্মদহ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার স্বপন ওই এলাকার মৃত রফিজ উদ্দিন কারিগরের ছেলে।
ডিবি পুলিশ জানায়, জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ধর্মদহ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বপনকে গ্রেপ্তার করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, স্বপন দীর্ঘদিন ধরে ধর্মদহ বাজার ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার এসআই ওবায়দুর রহমান (নি.) বিষয়টি নিশ্চিত করেছেন।