মালয়েশিয়ায় পাম তেল বাগানে কাজ করার সময় বজ্রপাতে মো. হিরন মিয়া (৪০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিরন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের মৃত সামছুল হকের ছোট ছেলে। জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে ঋণ করে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে একটি পাম তেল বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
হিরনের বড় ভাই মো. খোকন মিয়া জানান, সোমবার সন্ধ্যায় বাগানে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে হিরন গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করেন। এ সময় পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়।
হিরনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে তার সহকর্মীরা প্রয়োজনীয় প্রক্রিয়া চালাচ্ছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া বলেন, হিরন অনেক ঋণ করে কষ্টের মধ্যে বিদেশে গিয়েছিলেন। এর আগে তার ছোট মেয়ে নিহা মনিও মারা যায়। একের পর এক ঘটনায় পরিবারটি এখন গভীর শোকের মধ্যে রয়েছে।
চার ভাইয়ের মধ্যে হিরন ছিলেন সবার ছোট। বিদেশে যাওয়ার আগে তিনি দেশে গাছ কাটার কাজ করতেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের বাবা। তার ছেলে ইকরাম হোসেন আমির দশম শ্রেণিতে, মেয়ে হিমু আক্তার ষষ্ঠ শ্রেণিতে এবং রিমু আক্তার তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করছে।
হিরনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী হ্যাপি আক্তার। ৭৫ বছর বয়সী মা জাহানারা বেগম ছেলের মৃত্যুর খবর শুনে বারবার মাটিতে লুটিয়ে পড়ছেন। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।