গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার খালেক বাজার ও টুঙ্গিপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযানটি চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে মো. শামীম শেখ (২০) এবং চর গোপালপুর গ্রামের কালাম শিকদারের ছেলে মো. সজীব শিকদার (৩৫)।
অভিযানকালে শামীম শেখের কাছ থেকে দুই পিস ইয়াবা এবং সজীব শিকদারের কাছ থেকে পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত শামীম শেখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং সজীব শিকদারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন।
অভিযানে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আয়ুব আলী, উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়।