মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক আরিফুর রহমান শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক সুব্রত দেবনাথ মিজানুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
অন্যদিকে মিজানুর রহমানের পক্ষে আইনজীবী শওকত হোসাইন জামিন আবেদন করেন এবং বুধবার শুনানির জন্য সময় চান। আদালত তাকে কারাগারে পাঠিয়ে জামিন আবেদনের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।
এর আগে এ মামলায় সোমবার শাহরিয়ার মাহমুদ ও শাহ আলমকে কারাগারে পাঠানো হয়। তার আগের দিন রোববার মো. মামুন, মো. আসলাম ও মো. মুন্না নামে আরও তিনজনকে কারাগারে পাঠান আদালত। তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানিও বুধবার অনুষ্ঠিত হবে।
গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।
এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকার একটি বাসা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।