বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আইনি সহায়তার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের সাইডলাইনে সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নুয়াইমির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ গুরুত্বারোপ করেন।
২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে।
সাক্ষাৎকালে আইনমন্ত্রী কংগ্রেস আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীকে আতিথেয়তা এবং দেশটির অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখার সুযোগ দেওয়ায় সংযুক্ত আরব আমিরাতের প্রতি ধন্যবাদ জানান।
জবাবে সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী দেশটির উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। বিশেষ করে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আইনি সহায়তার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন দুই মন্ত্রী।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত সফররত বাংলাদেশ প্রতিনিধিদলের প্রতি উষ্ণ আতিথেয়তা ও চমৎকার ব্যবস্থাপনার জন্য দেশটির বিচারমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান আইনমন্ত্রী।